আদালত চত্বরে ‘মহতী’ উদ্যোগ; ল’ ক্লার্ক সমন্বয় কমিটির রক্তদান শিবিরে পরিবেশ রক্ষার বার্তা*
অমিত মণ্ডল, কাকদ্বীপ:আইনি লড়াইয়ের ব্যস্ততার মাঝেও মানবিকতার ডাকে সাড়া দিলেন কাকদ্বীপ আদালতের কর্মীরা। বুধবার ‘ল’ ক্লার্ক সমন্বয় কমিটি, কাকদ্বীপ আদালত শাখার উদ্যোগে আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন কাকদ্বীপ দেওয়ানী ও ফৌজদারী আদালত চত্বরে আয়োজিত এই শিবিরে রক্তদানের পাশাপাশি পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে রক্তদাতাদের হাতে চারাগাছও তুলে দেওয়া হয়।
পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ ‘ল’ ক্লার্কস অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া ‘ল’ ক্লার্কস ফেডারেশনের সদস্য ও সদস্যাবৃন্দের যৌথ প্রচেষ্টায় এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন আদালত চত্বরে আইনজীবীদের পাশাপাশি ল’ ক্লার্কদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে একের পর এক সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন।
অনুষ্ঠানটিকে সফল করতে উপস্থিত ছিলেন কাকদ্বীপ বার অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী চঞ্চল পণ্ডা, সভাপতি সমীর রঞ্জন তাঁতি সহ আদালতের অন্যান্য বিশিষ্ট আইনজীবী ও পদস্থ আধিকারিকরা। ল’ ক্লার্কদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব বলেন, "আদালতের কাজের চাপের মধ্যেও সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করা একটি অনুকরণীয় দৃষ্টান্ত।"
এদিনের কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল রক্তদাতাদের সম্মাননা। প্রতিটি রক্তদাতার হাতে একটি করে মূল্যবান বৃক্ষ চারা তুলে দেওয়া হয়। আয়োজকদের দাবি, রক্ত দিয়ে যেমন মানুষের জীবন বাঁচানো সম্ভব, তেমনই গাছ লাগিয়ে পৃথিবীকে বাঁচানো সম্ভব। এই দ্বিমুখী বার্তা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে

