রেলওয়ের নির্দেশে খালি করা হলো নৈহাটির তৃণমূল পার্টি অফিস, শুরু রাজনৈতিক তরজা
নৈহাটি :
রেলওয়ে প্রশাসনের নির্দেশে নৈহাটি রেলওয়ে স্টেশন সংলগ্ন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খালি করে দেওয়া হলো। বুধবার সকাল ১০টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হলেও তার আগেই দলীয় কার্যালয় থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।
এদিন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জীর উপস্থিতিতে পার্টি অফিস খালি করার প্রক্রিয়া চলে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপ্রধান অশোক চ্যাটার্জী বলেন, রেলওয়ে প্রশাসনের তরফে যে নোটিশ দেওয়া হয়েছে, তাতে কোনো মেমো নম্বর, সই বা সরকারি স্ট্যাম্প নেই।
ফলে নোটিশের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
অন্যদিকে বিজেপি নেতা সৌম্যদীপ মোদক তৃণমূলকে কটাক্ষ করে বলেন, "তৃণমূল আমলে বেআইনিভাবে ও জালিয়াতি করে পার্টি অফিস তৈরি করা হয়েছিল। এখন বিজেপি সরকার আসার পর পরিস্থিতি বদলেছে বলেই ওরা দলীয় কার্যালয় সরিয়ে নিতে বাধ্য হচ্ছে।"
ঘটনাকে কেন্দ্র করে নৈহাটির রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।