নৈহাটিতে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
নৈহাটি :
নৈহাটি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের রাধাবল্লভ রোড এলাকায় রেলওয়ের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকাবাসীরা পরিত্যক্ত কোয়ার্টারের ভিতরে সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নৈহাটি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলা হয়।
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে চারটি তাজা বোমা এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। পরে বোমা নিষ্ক্রিয়করণকারী দলকেও খবর দেওয়া হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কে বা কারা ওই পরিত্যক্ত কোয়ার্টারে বোমা মজুত করেছিল এবং এর পিছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ।