যুবরাজনগরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৩ দোকান, ক্ষয়ক্ষতি লক্ষাধিক টাকার
উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর এলাকায় ঝড়-বৃষ্টির মাঝেই ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। শর্ট-সার্কিট থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠান। সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিন ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ড এলাকায় হঠাৎই একটি দোকানে আগুন লাগে। সেই সময় এলাকায় প্রবল ঝড়-বৃষ্টি চলছিল। প্রাথমিকভাবে অনুমান, শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
প্রথমে দুটি দোকানে আগুন লাগলেও মুহূর্তের মধ্যে তা পাশের আরও একটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় একটি গ্রোসারি শপ, একটি হার্ডওয়্যার দোকান এবং একটি সিমেন্টের দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মোসব্বির আলী, একরামুল হোসেন ও নজরুল ইসলাম।
স্থানীয় বাসিন্দা ইমদাদুল হোসেন জানান, প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যার সৃষ্টি হয়। আগুনের ধোঁয়া ও তাপের জেরে পাশের আরও দুটি দোকানের মালামালও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার খবর পেয়ে ধর্মনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তবে স্থানীয়দের অভিযোগ, দমকল পৌঁছাতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়। দমকল পৌঁছানোর আগেই এলাকাবাসীরা নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে দমকল কর্মীদের তৎপরতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিক হিসেব অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান। ঝড়-বৃষ্টির রাতে আকস্মিক এই দুর্যোগে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন প্রশাসনের সাহায্যের আশায় দিন গুনছেন।