‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’; নামখানায় তৃণমূলের বিশাল মিছিলে উত্তাল ১১৭ নম্বর জাতীয় সড়ক*
অমিত মণ্ডল, নামখানা: “যতই করো হামলা, আবার জিতবে বাংলা”— এই স্লোগানকে হাতিয়ার করে কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে ধিক্কার এবং রাজ্য বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল মহা মিছিলের সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনার নামখানা। সোমবার নামখানা ব্লকের পাঁচটি পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থকের সমাগম ঘটে। মিছিলের জেরে ১১৭ নম্বর জাতীয় সড়কে কার্যত জনজোয়ার দেখা যায়।
এদিন দুপুরে নামখানা ব্লকের বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা জমায়েত হতে শুরু করেন। এরপর একটি সুসজ্জিত মিছিল ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে দীর্ঘ পথ অতিক্রম করে। এই প্রতিবাদী মহা মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেন কুমার দাস। তাঁর সঙ্গে ছিলেন নামখানা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস এবং জেলা পরিষদের সহ-সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি। এ ছাড়াও ব্লক মহিলা ও যুব তৃণমূল কংগ্রেসের কয়েক হাজার কর্মী ব্যানার ও ফেস্টুন হাতে মিছিলে পা মেলান।
মিছিল শেষে এক পথসভায় তৃণমূল নেতৃত্বরা কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করেন। ব্লক সভাপতি ধীরেন কুমার দাসের দাবি, “কেন্দ্রীয় বাজেট সাধারণ মানুষ, কৃষক ও যুবকদের স্বপ্নভঙ্গ করেছে। বাংলার প্রাপ্য টাকা আটকে রেখে উন্নয়নকে থামানোর চেষ্টা করছে কেন্দ্র।” অন্যদিকে, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পেশ হওয়া রাজ্য বাজেটকে ‘জনমুখী’ আখ্যা দিয়ে তাঁরা বলেন, লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্যসাথী—প্রতিটি প্রকল্পই বাংলার মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে নামখানার মতো গুরুত্বপূর্ণ ব্লকে পাঁচটি পঞ্চায়েতকে ঐক্যবদ্ধ করে এই বিশাল মিছিলের মাধ্যমে তৃণমূল ঘর গোছানোর কাজ সেরে রাখল। বিশেষ করে ১১৭ নম্বর জাতীয় সড়কে এই শক্তি প্রদর্শন বিরোধীদের জন্য বড় বার্তা বলেই মনে করা হচ্ছে।

