মালদার মানিকচকে মুখ্যমন্ত্রীর জনসভা ৪ এপ্রিল, প্রস্তুতি খতিয়ে দেখল পুলিশ প্রশাসন
৪ এপ্রিল মালদার মানিকচক বিধানসভায় জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ২ থেকে ৫ এপ্রিল পর্যন্ত জেলায় থাকবেন তৃণমূল সুপ্রিমো। এই সময় জেলার বিভিন্ন প্রান্তে একাধিক সভা ও মিছিল করার কর্মসূচি রয়েছে তাঁর।
মানিকচকের এনায়েতপুর ফুটবল মাঠে মুখ্যমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা। সেই প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার মাঠ পরিদর্শনে যান মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
জানা গিয়েছে, ওই মাঠেই তৈরি করা হবে হেলিপ্যাড। পাশাপাশি পার্শ্ববর্তী স্কুলের মাঠ ও ফাঁকা জায়গাগুলিতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার অনুপম সিং জানান, মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। মাঠ পরিদর্শন করে আপাতত সবকিছু ঠিকঠাক রয়েছে বলেও তিনি জানান। পাশাপাশি বিভিন্ন ধরনের পরিকাঠামো আরও খুঁটিয়ে দেখা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।