ভরতপুরে প্রচার শুরু বিজেপি প্রার্থী অনামিকা ঘোষের, উন্নয়নের প্রতিশ্রুতি

Mar 28, 2026 - 09:43
 9
ভরতপুরে প্রচার শুরু বিজেপি প্রার্থী অনামিকা ঘোষের, উন্নয়নের প্রতিশ্রুতি

ভরতপুর: বিধানসভা নির্বাচনের প্রচারে ভরতপুর ১ ব্লকের আমলাই গ্রাম পঞ্চায়েতে পৌঁছলেন বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ। প্রথম দিনেই তিনি শঙ্খ বাজিয়ে মন্দিরে প্রণাম করে ও মিষ্টিমুখের মাধ্যমে প্রচার শুরু করেন।

প্রচারে নেমে অনামিকা ঘোষ জানান, সাধারণ মানুষের কাছ থেকে তিনি ভালো সাড়া পাচ্ছেন। তাঁর কথায়, "ভরতপুরের মানুষ আমাকে প্রার্থী হিসেবে নয়, নিজের মেয়ে ভেবে দুহাত তুলে আশীর্বাদ করছেন।”

এদিন তিনি ভরতপুর এলাকার বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। তাঁর অভিযোগ, রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ এবং দীর্ঘদিন ধরে এলাকায় তেমন উন্নয়নমূলক কাজ হয়নি। কাজের অভাবে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকেই বাইরে পাড়ি দিতে হচ্ছে বলেও দাবি করেন তিনি।

প্রার্থী হিসেবে তাঁর প্রথম অঙ্গীকার, পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে এলাকায় কাজের সুযোগ তৈরি করা। পাশাপাশি, নারী সুরক্ষা ও সম্মান নিশ্চিত করার কথাও বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলে অনামিকা ঘোষের দাবি, "এখানে আইনশৃঙ্খলা বলে কিছু নেই।"

লোহাদহ ব্রিজ প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভোেট এলেই এই ইস্যু সামনে আনা হয়, কিন্তু ভোট শেষ হলেই আর তার খোঁজ থাকে না। ভরতপুরের সার্বিক উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, তা করার প্রতিশ্রুতি দেন বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ