বিডিওর নাম করে সাইবার প্রতারণা, জামালপুরে গৃহবধূর অ্যাকাউন্ট থেকে উধাও টাকা

সরকারি আধিকারিকের পরিচয়ে ফোন, সতর্কবার্তা জারি ব্লক প্রশাসনের

Feb 20, 2026 - 09:25
 15
বিডিওর নাম করে সাইবার প্রতারণা, জামালপুরে গৃহবধূর অ্যাকাউন্ট থেকে উধাও টাকা

নিজস্ব সংবাদদাতা, জামালপুর:

সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার নতুন কৌশলের শিকার হলেন পূর্ব বর্ধমানের জামালপুরের এক গৃহবধূ। বিডিওর নাম করে ফোন করে কৌশলে ব্যাঙ্কের তথ্য হাতিয়ে নিয়ে তাঁর অ্যাকাউন্ট থেকে ৪ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে জামালপুরের পাঁচড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা অরবিন্দ বৈরাগ্যের স্ত্রীর সঙ্গে এই প্রতারণা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, প্রতারকরা ব্লকের বিডিওর পরিচয় দিয়ে ফোন করে সরকারি কোনো প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে তাঁকে বিভ্রান্ত করে। কথার ফাঁকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়। কিছুক্ষণের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে ৪ হাজার টাকা উধাও হয়ে যায়।

ঘটনা বুঝতে পেরে ভুক্তভোগী পরিবার তড়িঘড়ি জামালপুর থানা-য় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনও সংঘবদ্ধ সাইবার অপরাধী চক্র এই ঘটনার নেপথ্যে থাকতে পারে।

ঘটনার পর নড়েচড়ে বসেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক প্রশাসন। ব্লকের সরকারি সোশ্যাল মিডিয়া পেজ থেকে বিডিওর পক্ষ থেকে জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, বিডিও বা ব্লকের কোনও আধিকারিক কখনও ফোন করে ব্যক্তিগত ব্যাঙ্কিং তথ্য বা ওটিপি চান না। অচেনা নম্বর থেকে আসা ফোন বা মেসেজের লিঙ্কে সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি প্রকল্প সংক্রান্ত বিষয়ে সরাসরি ব্লক অফিসে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে ডিজিটাল লেনদেনে আরও সচেতন হওয়ার এবং যেকোনও সন্দেহজনক ফোন পেলে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।