বিজেপি ক্ষমতায় এলে বাংলায় বন্ধ হবে মাছ-মাংস? ভাইরাল ভিডিও ঘিরে চুঁচুড়ায় তুমুল বিতর্ক
চুঁচুড়ায় বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের একটি ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, বিহারে বিজেপি সরকার মাছ-মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে, একইভাবে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস বন্ধ হয়ে যাবে। এই বক্তব্য সামনে আসতেই শুরু হয় রাজনৈতিক তরজা।
প্রসঙ্গত, সম্প্রতি বিহারের এনডিএ সরকার খোলা জায়গায় মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র যাঁদের লাইসেন্স রয়েছে এবং ঢাকা জায়গায় বিক্রির ব্যবস্থা রয়েছে, তাঁরাই মাংস বিক্রি করতে পারবেন। সেই বিষয়টি নিয়েই মন্তব্য করেছিলেন বলে দাবি বিজেপি নেতার।
এই ইস্যুতে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “মাছে-ভাতে বাঙালি। এটা বিহার নয়। যারা বলছে মাছ-মাংস বন্ধ করে দেবে, তারা আগামী ২০২৬ সালের নির্বাচনে বুঝতে পারবে কত ধানে কত চাল।” তাঁর দাবি, ভিডিওতে পরিষ্কার শোনা যাচ্ছে যে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস বন্ধ হবে—এমন কথাই বলা হয়েছে। মানুষই এর জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে। তিনি কখনও মাছ-মাংস সম্পূর্ণ বন্ধের কথা বলেননি। তাঁর কথায়, তৃণমূল নেতারা বিহারের নির্দেশিকাকে ভুল ব্যাখ্যা করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতার স্বার্থে খোলা জায়গায় যত্রতত্র মাছ-মাংস বিক্রি না করে, স্বাস্থ্যকর ও ঢাকা স্থানে বিক্রির পক্ষে তিনি মত প্রকাশ করেছিলেন।
এ ঘটনায় চুঁচুড়ার রাজনৈতিক পরিবেশ ইতিমধ্যেই উত্তপ্ত। একদিকে বাঙালি অস্মিতা রক্ষার প্রশ্ন তুলে তৃণমূলের আক্রমণ, অন্যদিকে বক্তব্য বিকৃতির অভিযোগ তুলে বিজেপির পাল্টা সাফাই—সব মিলিয়ে বিষয়টি এখন রাজ্যের রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে