হাওড়ার আমতায় জনসংযোগে সুকান্ত মজুমদার, প্রতিকুর রহমান ইস্যুতে সংবাদমাধ্যমকে কটাক্ষ
হাওড়া জেলার আমতা বিধানসভা এলাকায় জনসংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে প্রতিকুর রহমানকে ঘিরে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার সকালে আমতার বেতাই থেকে বাইক রালিতে অংশ নিয়ে দলীয় কার্যালয় উদ্বোধন করেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, সিপিএম থেকে তৃণমূলে যাওয়া প্রতিকুর রহমানকে নিয়ে অহেতুক হৈচৈ করছে সংবাদমাধ্যম। তাঁর মতে, বিষয়টিকে অযথা বড় করে দেখানো হচ্ছে।
এদিনের কর্মসূচিতে বিজেপির তরফে দাবি করা হয়, প্রায় একশো তৃণমূল কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করেছেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, জনসংযোগ ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
বাইক রালিকে ঘিরে আমতা এলাকায় উৎসাহের পরিবেশ দেখা যায়। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বহু মানুষ রালিকে স্বাগত জানান বলে দাবি বিজেপির। রাজনৈতিক মহলে এই কর্মসূচিকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চর্চা।