পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে আলুর দাম তলানিতে, সারের খরচে দিশেহারা চাষিরা

Feb 22, 2026 - 19:34
 22
পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে আলুর দাম তলানিতে, সারের খরচে দিশেহারা চাষিরা

ইতিমধ্যেই মাঠ থেকে আলু তোলা শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু’নম্বর ব্লকের কালেখাতলা এক নম্বর পঞ্চায়েতের ধিতপুর এলাকায়। কিন্তু ন্যায্য দাম না পেয়ে চরম হতাশ চাষিরা। তাঁদের অভিযোগ, চাষের খরচ লাগাতার বাড়লেও বাজারে আলুর দাম তলানিতে ঠেকেছে।

চাষিদের দাবি, বর্তমানে প্রতি বস্তা আলুর দাম ২২০ থেকে ২৪০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। অথচ এক বিঘা জমিতে আলু চাষ করতে মোট খরচ পড়ছে প্রায় ২৭ থেকে ২৮ হাজার টাকা। শুধু সার কিনতেই বস্তা পিছু খরচ হচ্ছে প্রায় ২২০০ টাকা। তার সঙ্গে বীজ, সেচ, কীটনাশক ও শ্রমিকের মজুরি—সব মিলিয়ে ব্যয় বেড়েই চলেছে।

ফলন ভালো হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় বড় লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। স্থানীয় এক চাষির কথায়, “এবার আলুর যে দাম, তাতে খরচই উঠবে না। আমরা দিশেহারা।”

গত বছর আলুর দাম তুলনামূলকভাবে ভালো থাকলেও এ বছর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। চাষিদের আশঙ্কা, দ্রুত সরকারি হস্তক্ষেপ না হলে আর্থিক সঙ্কট আরও গভীর হবে। অনেকেই ঋণ নিয়ে চাষ করেছেন, ফলে বাজারদর না বাড়লে সেই ঋণ শোধ করাও কঠিন হয়ে পড়বে বলে জানাচ্ছেন তাঁরা।