বীরভূমের মল্লারপুরে পুলিশের বড় সাফল্য, আড়াই কেজির বেশি কোডাইন মিশ্রণ-সহ যুবক গ্রেফতার

Feb 22, 2026 - 19:21
 10
বীরভূমের মল্লারপুরে পুলিশের বড় সাফল্য, আড়াই কেজির বেশি কোডাইন মিশ্রণ-সহ যুবক গ্রেফতার

বীরভূম জেলার মল্লারপুর থানার পুলিশের হাতে বড় সাফল্য। গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক-সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রেন্টু শেখ। তাঁর বাড়ি বীরভূম জেলার পাড়ুই থানা এলাকায় বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে নির্দিষ্ট তথ্য পাওয়ার পর মল্লারপুর-সালবাদরা সড়কের মথুরাপুর গ্রামের কাছে ওত পেতে বসে ছিল পুলিশ। গভীর রাতে রামপুরহাটের দিক থেকে একটি মোটরবাইকে করে আসছিলেন রেন্টু শেখ। সন্দেহের ভিত্তিতে তাঁকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে বাইক থেকে উদ্ধার হয় প্রায় ২ কেজি ৫০০ গ্রাম কোডাইন মিশ্রণ। এত বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

এই বিপুল মাদক কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এর সঙ্গে কোনও বড় আন্তঃজেলা পাচারচক্র জড়িত থাকতে পারে।

ধৃত রেন্টু শেখকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। এই চক্রের পিছনে আর কেউ জড়িত রয়েছে কি না এবং বৃহত্তর মাদক চক্রের সন্ধান পেতে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে মল্লারপুর থানার পুলিশ।