জরাজীর্ণ ব্লু লাইনে বড়সড় সংস্কার, ৫৮৫ কোটি টাকায় আমুল বদলের পথে কলকাতা মেট্রো
স্টাফ রিপোর্ট ার ঃ নতুন ঝাঁ চকচকে মেট্রো রুট শহরবাসীর যাতায়াতের ভরসা হয়ে উঠলেও, পুরনো লাইনের অবস্থা ক্রমেই উদ্বেগজনক। বিশেষ করে নানা সমস্যায় জর্জরিত কলকাতা মেট্রো-র ব্লু লাইন। মাটির বহু নীচে দীর্ঘ সুড়ঙ্গের ভিতর দিয়ে চলাচল করে এই রুটের ট্রেন, যার পরিকাঠামো অন্যান্য লাইনের তুলনায় আলাদা ও অত্যন্ত সংবেদনশীল।
মেট্রো সূত্রে জানা গেছে, সুড়ঙ্গের ভিতরে বাতাস ঠান্ডা ও স্বাভাবিক রাখতে যে বিশেষ ভেন্টিলেশন ও কুলিং ব্যবস্থা রয়েছে, তার একটি বড় অংশ বর্তমানে প্রায় অকেজো। এর ফলে গরম, আর্দ্রতা ও যান্ত্রিক সমস্যার আশঙ্কা বাড়ছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, আর বিপর্যয়ের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না মেট্রোকর্তারা।
এই পরিস্থিতিতে যাত্রী সুরক্ষা ও পরিষেবা স্বাভাবিক রাখতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লু লাইনের আমুল সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৫৮৫ কোটি টাকা। এই প্রকল্পের আওতায় সুড়ঙ্গের ভেন্টিলেশন ব্যবস্থা আধুনিকীকরণ, বৈদ্যুতিক ও সিগন্যালিং পরিকাঠামোর উন্নয়ন, পাশাপাশি পুরনো যন্ত্রাংশ বদলের কাজ করা হবে।
মেট্রো কর্তৃপক্ষের আশা, এই সংস্কার শেষ হলে ব্লু লাইনে যাত্রা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটিয়ে পুরনো এই লাইনের উপর ফের আস্থা ফিরবে শহরবাসীর।