সুইসাইড নোট লিখে মহানন্দা ক্যানেলে ঝাঁপ, ৪৮ ঘণ্টা পর মিলল দেহ — শিলিগুড়িতে চাঞ্চল্য

Feb 18, 2026 - 09:23
Feb 18, 2026 - 18:22
 8
সুইসাইড নোট লিখে মহানন্দা ক্যানেলে ঝাঁপ, ৪৮ ঘণ্টা পর মিলল দেহ — শিলিগুড়িতে চাঞ্চল্য

সুইসাইড নোট লিখে ক্যানেলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ৪৮ ঘণ্টার টানা তল্লাশির পর অবশেষে উদ্ধার হল তাঁর দেহ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি মহকুমায়।

মৃত যুবকের নাম মনোজ কুমার ডালমিয়া (৪৮)। তিনি শিলিগুড়ির মিলনপল্লী এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার তিনি স্কুটি নিয়ে কাশীরাম এলাকায় আসেন। সেখানে মহানন্দা ক্যানেল-এর পাশে স্কুটি দাঁড় করিয়ে একটি সুইসাইড নোট লেখেন এবং ক্যানেলে ঝাঁপ দেন।

ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত খবর দেন ফাঁসিদেওয়া থানার পুলিশ-কে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করলেও প্রথমদিকে কোনও খোঁজ মেলেনি। পরে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকে। তারা টানা তল্লাশি চালায়।

পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক কোনও সমস্যার জেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নেন। সুইসাইড নোটে তাঁর বোনের জন্য ন্যায়বিচার চাওয়ার কথা উল্লেখ ছিল বলে জানা গিয়েছে।

টানা ৪৮ ঘণ্টার অনুসন্ধানের পর এদিন তিস্তা হাইড্রোল প্রজেক্ট গেট-এ তাঁর দেহ ভেসে উঠতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল দেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ।

ঘটনার খবর পরিবারে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিজনরা। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।