বাবার মৃত্যুতে শোকস্তব্ধ প্রার্থী স্বপ্না বর্মন, পাশে দাঁড়াল তৃণমূল নেতৃত্ব

Mar 22, 2026 - 08:30
 13
বাবার মৃত্যুতে শোকস্তব্ধ প্রার্থী স্বপ্না বর্মন, পাশে দাঁড়াল তৃণমূল নেতৃত্ব

জলপাইগুড়ি: গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মন-এর পরিবারে। বাবাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। এদিন মৃতদেহ জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকার বাড়িতে পৌঁছতেই এলাকায় শোকের পরিবেশ তৈরি হয় এবং শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা।

এই কঠিন সময়ে স্বপ্না বর্মনের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে যান জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ, জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস-সহ দলের একাধিক নেতা-কর্মী।

তাঁরা স্বপ্না বর্মন ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান এবং এই দুঃসময়ে সবরকমভাবে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি দলীয় নেতৃত্বের তরফে জানানো হয়, প্রার্থীর অনুপস্থিতিতে তাঁর হয়ে নির্বাচনী প্রচারের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।

সব মিলিয়ে, শোকের আবহের মধ্যেই রাজনীতির ময়দানে মানবিকতার ছবিও উঠে এলো জলপাইগুড়িতে।