প্রেম ভাঙার যন্ত্রণায় জল ট্যাঙ্কে যুবক, সাংবাদিকের তৎপরতায় রক্ষা পেল প্রাণ

Apr 13, 2026 - 11:28
 13
প্রেম ভাঙার যন্ত্রণায় জল ট্যাঙ্কে যুবক, সাংবাদিকের তৎপরতায় রক্ষা পেল প্রাণ

পুরুলিয়া শহরে চাঞ্চল্যকর ঘটনা। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার মানসিক আঘাতে এক যুবক আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে শেষমেশ প্রাণে বাঁচলেন সাংবাদিকের বুদ্ধি ও তৎপরতায়।

ঘটনাটি পুরুলিয়া শহরের ৬ নম্বর ওয়ার্ডের ফরটি কোয়ার্টার সংলগ্ন এলাকায়। স্থানীয় পুরসভার একটি উঁচু জল ট্যাঙ্কে উঠে পড়েন ওই যুবক। প্রায় পাঁচ ঘণ্টা ধরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

এই পরিস্থিতিতে উপস্থিত স্থানীয় সাংবাদিক আসিফ আনসারী গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তিনি প্রথমে যুবকের পরিবারের সঙ্গে কথা বলে গোটা বিষয়টি বোঝেন। এরপর যুবকের ভাইয়ের ফোন থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং ধীরে ধীরে বোঝানোর চেষ্টা চালান।

দীর্ঘক্ষণ কথা বলে যুবকের মানসিক অবস্থা শান্ত করতে সক্ষম হন তিনি। পরে নিজের ঝুঁকি নিয়ে জল ট্যাঙ্কে উঠে যুবকের কাছে পৌঁছান এবং ধীরে ধীরে তাকে রাজি করিয়ে নিচে নামিয়ে আনেন। উদ্ধারকারী দলের সহায়তায় শেষমেশ নিরাপদে নামানো হয় ওই যুবককে।

এই মানবিক উদ্যোগ ও সাহসিকতার জন্য সাংবাদিক আসিফ আনসারীকে ধন্যবাদ জানিয়েছেন যুবকের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।