প্রসূতি মৃত্যুকে ঘিরে গাফিলতির অভিযোগ, মেদিনীপুর মাতৃমায় তীব্র উত্তেজনা
পশ্চিম মেদিনীপুর: ফের প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হল মৃতার পরিবার। ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে এক দফা উত্তেজনা তৈরি হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০ ফেব্রুয়ারি ভোর সাড়ে চারটা নাগাদ এক প্রসূতিকে মাতৃমায় ভর্তি করা হয়। সকাল প্রায় দশটা নাগাদ তাঁর সন্তান প্রসব হয়। পরিবারের দাবি, সন্তানের জন্মের পর মা ও নবজাতক দু’জনেই স্বাভাবিক ছিলেন।
অভিযোগ, প্রসবের পর দায়িত্বে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রসূতির কাটা ক্ষতস্থানে সঠিকভাবে সেলাই করেননি। এর জেরে ব্যাপক রক্তপাত শুরু হয় বলে পরিবারের দাবি। ক্রমশ শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রাত আনুমানিক আটটা নাগাদ ওই প্রসূতির মৃত্যু হয়।
ঘটনার পর মৃতার পরিবার-পরিজনদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। তাঁরা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ও অন্যান্য আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি কোতোয়ালি থানাতেও অভিযোগ জানানো হয়েছে।
পরিবারের দাবি, চিকিৎসার গাফিলতির কারণেই তাঁদের পরিবারের সদস্যার মৃত্যু হয়েছে। অভিযুক্ত চিকিৎসক ও সেবিকাদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।