একুশের আবেগে মুখর শান্তিনিকেতন, প্রভাত ফেরি ও মাল্যদানে ভাষা শহিদদের শ্রদ্ধার্ঘ্য
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও গভীর আবেগে পালিত হল একুশে ফেব্রুয়ারি। ভোরের আলো ফুটতেই আন্তর্জাতিক অতিথি নিবাস থেকে শুরু হয় প্রভাত ফেরি। ‘আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি’ গানের সুরে ছাত্রছাত্রী, অধ্যাপক ও কর্মীরা অংশ নেন শোভাযাত্রায়।
শোভাযাত্রা পৌঁছয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়-এর বাংলাদেশ ভবন প্রাঙ্গণে। সেখানে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা।
বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ-সহ বিভিন্ন দেশ থেকে আগত পড়ুয়াদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তোলে আরও তাৎপর্যপূর্ণ। নীরবতা পালন ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ভাষার জন্য আত্মবলিদান করা শহিদদের স্মরণ করা হয়।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল একটি স্মরণীয় দিন নয়, এটি ভাষার বৈচিত্র্য, সংস্কৃতির ঐক্য এবং মানবিক চেতনার প্রতীক। যথাযোগ্য মর্যাদায় এই দিন উদযাপনের মধ্য দিয়ে বিশ্বভারতী সেই বার্তাই তুলে ধরেছে।
আবেগ, শ্রদ্ধা ও গর্বে ভরা পরিবেশে একুশের চেতনায় উদ্বুদ্ধ হল শান্তিনিকেতন।