ভারত–বাংলাদেশ সীমান্তে ২৫০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার, নদিয়ায় গ্রেফতার এক পাচারকারী
বাংলাদেশে পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, কৃষ্ণগঞ্জ থানার এলাকায় চাঞ্চল্য
নিজস্ব সংবাদদাতা, নদিয়া:
আবারও ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করল পুলিশ। ঘটনায় এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায়।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাজদিয়া–বানপুর রোডে সন্দেহজনকভাবে পিঠে ব্যাগ নিয়ে ঘোরাফেরা করছিল কয়েকজন। পুলিশের নজরে পড়তেই শুরু হয় তল্লাশি অভিযান। ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ২৫০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল কাশির সিরাপ। পুলিশ সঙ্গে সঙ্গেই সিরাপগুলি বাজেয়াপ্ত করে এবং এক পাচারকারীকে গ্রেফতার করে।
প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া ফেনসিডিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। এর আগেও ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধারের ঘটনা সামনে এসেছে, যা জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিল।
ধৃত ব্যক্তিকে আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাবে বলে জানা গিয়েছে। এই ঘটনার সঙ্গে আরও বড় কোনও চক্র জড়িত আছে কি না, উদ্ধার হওয়া ফেনসিডিল কোথা থেকে আসছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল—সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।