ঝলসানো দেহ উদ্ধার মায়ের, অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু ছেলেরও! খুন না দুর্ঘটনা—ধন্দে আসানসোল পুলিশ

Feb 21, 2026 - 08:46
 17
ঝলসানো দেহ উদ্ধার মায়ের, অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু ছেলেরও! খুন না দুর্ঘটনা—ধন্দে আসানসোল পুলিশ

আসানসোলের কুলটি থানার কলেজ মোড় সংলগ্ন একটি বাড়ি থেকে মা ও ছেলের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ভোরে ওই বাড়ি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় নামে এক মহিলার ঝলসানো দেহ উদ্ধার করে পুলিশ। একই বাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তাঁর পুত্র রাজা মুখোপাধ্যায়কে। দু’জনকে দ্রুত হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাজার মৃত্যু হয়। ঘটনাকে ঘিরে খুন, আত্মহত্যা না দুর্ঘটনা—তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানা-র পুলিশ। স্থানীয়দের একাংশের দাবি, প্রথমে মাকে গুলি করে খুন করেন রাজা, তার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেন। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, মহিলার দেহে গুলির কোনও স্পষ্ট চিহ্ন মেলেনি। ফলে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নিশ্চিত হতে চাইছেন না তদন্তকারীরা।

জানা গিয়েছে, রাজা একটি বেসরকারি হাসপাতালে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন এবং তাঁর কাছে লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ছিল। অভিযোগ, সেই অস্ত্র থেকেই গুলি চালানো হয়ে থাকতে পারে। তবে ঘটনাস্থল থেকে কী কী উদ্ধার হয়েছে, তা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি পুলিশ।

পরিবার সূত্রে খবর, গত বুধবার বাবা-মায়ের সঙ্গে রাজার অশান্তি হয়েছিল। এমনকি মারধরের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনার সময় বাড়িতে ছিলেন না রাজার বাবা। আগুন লাগানো আত্মঘাতী প্রচেষ্টা ছিল, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে তদন্তকারী দল।