পশ্চিম বর্ধমানের আসানসোলের রূপনারায়নপুরে আবাসনে আগুন, দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেল

Mar 16, 2026 - 12:59
 8
পশ্চিম বর্ধমানের আসানসোলের রূপনারায়নপুরে আবাসনে আগুন, দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেল

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রূপনারায়নপুরে একটি আবাসনে আচমকা আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। গুরুদুয়ার সংলগ্ন রূপসী নামের একটি অ্যাপার্টমেন্টের চারতলার একটি ফ্ল্যাটে এই আগুন লাগে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে।

ঘটনা সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে সতিরাণী প্রামাণিক নামে এক বৃদ্ধা একাই থাকেন। হঠাৎ সুইচবোর্ড থেকে আগুন বের হতে দেখে তিনি আশেপাশের মানুষজনকে ডাকাডাকি করেন। এরপর দ্রুত দমকল বিভাগ এবং রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনাস্থলে বিদ্যুৎ দফতরের কর্মীরা এবং রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশও উপস্থিত ছিলেন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সমাজসেবী তথা সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং। ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।