দুঃসাহসিক ডাকাতি কুলিয়ায়, আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লক্ষাধিক টাকা ও গয়না লুট
উত্তর ২৪ পরগনার কুলিয়া গ্রামে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কুলিয়া গ্রামের বাসিন্দা কেষ্টপদ মণ্ডলের বাড়িতে গভীর রাতে হানা দেয় একদল দুষ্কৃতী।
পরিবারের অভিযোগ, রাতের অন্ধকারে দোতলার ছাদের দিকের সিঁড়িঘরের দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢোকে ডাকাত দল। প্রথমে তারা ছেলে ও বৌমার ঘরে গিয়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং ঘরের মূল্যবান সামগ্রী লুট করে। পরে নিচতলায় কেষ্টপদ মণ্ডল ও তাঁর স্ত্রীর ঘরে ঢুকে আলমারির দরজা ভেঙে প্রায় ৬০ হাজার টাকা নগদ, সোনার ও রুপোর গয়না লুট করে নেয়। সব মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
ডাকাত দল চলে যাওয়ার পর পরিবারের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাদুড়িয়া থানার পুলিশ-কে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।