দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে শাবকসহ বাঘের নদী পারের বিরল দৃশ্য ভাইরাল
দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে ভ্রমণে এসে শাবকসহ বাঘের নদী পার হওয়ার বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করলেন পর্যটকরা। সেই দৃশ্য এখন পর্যটকদের মোবাইল ফোনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এবং ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
জানা গেছে, কলকাতা থেকে একদল পর্যটক গত ৭ মার্চ জলযানে চেপে সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন। সুন্দরবনের বিভিন্ন নদীখাঁড়ি ও জঙ্গল এলাকায় ঘোরার সময় হঠাৎই তাদের চোখে পড়ে এক বিরল দৃশ্য। জঙ্গল সংলগ্ন দোবাঁকি নদীখাঁড়িতে একটি রয়েল বেঙ্গল বাঘ তার শাবককে নিয়ে সাঁতরে নদী পার হচ্ছে। এমন দৃশ্য সামনে থেকে দেখতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন পর্যটকরা। অনেকেই সেই মুহূর্ত মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করেন। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দ্রুত ভাইরাল হয়ে যায়।
অন্যদিকে এসআইআর-এর প্রভাবে সুন্দরবনের পর্যটন ব্যবসায় ধাক্কা লাগছে বলে দাবি করছেন পর্যটন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে একের পর এক বুকিং বাতিল হওয়ায় বড়সড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে। সুন্দরবনের বিভিন্ন নদীখাঁড়িতে পর্যটকদের নিয়ে ঘোরার জন্য যে সব বোট চলে, সেই বোট মালিকরাও সমস্যায় পড়েছেন।
স্থানীয় বোট মালিক শরিয়ত মন্ডল জানান, বছরের শুরুতে ব্যবসা বেশ ভালোই চলছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের প্রচুর বুকিং আসছিল। কিন্তু এসআইআর চালু হওয়ার পর থেকেই একের পর এক বুকিং বাতিল হচ্ছে। ফলে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত বহু মানুষের জীবিকায় প্রভাব পড়ছে বলেই দাবি তাদের।