তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর খোঁজে পুলিশের অভিযান, বেসমেন্টে বিলাসবহুল আস্তানার ভিডিও ভাইরাল

May 13, 2026 - 12:29
 7
তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর খোঁজে  পুলিশের অভিযান, বেসমেন্টে বিলাসবহুল আস্তানার ভিডিও ভাইরাল

হাওড়া :

মধ্য হাওড়া বিধানসভার শিবপুর থানার অন্তর্গত ৩৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী শামীম আহমেদ ওরফে 'বড়ে'-র খোঁজে অভিযান চালাতে গিয়ে চাঞ্চল্যকর তথ্যের হদিস পেল হাওড়া সিটি পুলিশ। অভিযানের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বড়ে ওই এলাকায় দাপট চালিয়ে আসছিল। ভোটের ফল ঘোষণার পর চওড়া বস্তি এলাকায় অশান্তির ঘটনায় তার নাম সামনে আসে। বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে বড়ে ও তার দলবলের বিরুদ্ধে।

বিজেপির অভিযোগ, বড়ের মদতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা চালায়। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত বড়ে পলাতক। যদিও পুলিশ কয়েকজনকে আটক করেছে, কিন্তু এখনও অধরা মূল চক্রী।

অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে পুলিশ কার্যত হতবাক হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি বেসমেন্টের ভিতরে তৈরি করা হয়েছে অত্যাধুনিক বিলাসবহুল আস্তানা। বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না ভিতরে এমন ব্যবস্থা রয়েছে।

সূত্রের খবর, ওই গোপন ঘরের ভিতরে ছিল শোবার ঘর, ড্রয়িং রুম, রান্নাঘর, বাথরুম সহ একাধিক আধুনিক সুবিধা। এমনকি সিসিটিভির মাধ্যমে বাইরের পরিস্থিতি নজরদারির ব্যবস্থাও ছিল সেখানে।

বর্তমানে বড়ের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে হাওড়া সিটি পুলিশ। উল্লেখ্য, এর আগেও রাম নবমীর শোভাযাত্রায় হামলার ঘটনায় তদন্তভার হাতে নিয়ে এনআইএ গ্রেফতার করেছিল বড়েকে।

তবে এই ভাইরাল ভিডিও বা অভিযানের বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চাননি হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা।