চুঁচুড়ায় বাকযুদ্ধ তুঙ্গে, অসিতকে নিশানা রচনা-'হাস্যকর মন্তব্য', পাল্টা জবাব দেবাংশুর

Mar 31, 2026 - 08:09
 16
চুঁচুড়ায় বাকযুদ্ধ তুঙ্গে, অসিতকে নিশানা রচনা-'হাস্যকর মন্তব্য', পাল্টা জবাব দেবাংশুর

হুগলির চুঁচুড়া বিধানসভায় নির্বাচনের মুখে তৃণমূলের অন্দরে বাকযুদ্ধ তীব্র আকার নিল। নাম না করে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে কড়া আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

রচনার বক্তব্য, গত ১৫ বছরে চুঁচুড়ার মানুষ বঞ্চনার অভিযোগ করে এসেছে। তিনি বলেন, "এবার আমরা দেখিয়ে দেব চুঁচুড়ার জন্য কী করা যায়। আমি, দেবাংশু-আমরাই মানুষের পাশে থাকব।"

অসিত মজুমদারের মন্তব্য প্রসঙ্গে রচনা বলেন, "এটা হাস্যকর। উনি যা ইচ্ছে বলতেই পারেন, কিন্তু আমার লক্ষ্য একটাই-প্রার্থীকে জেতানো। কে কী বলছে, তা আমি গুরুত্ব দিই না।" 'ন্যাড়া হয়ে ঘোরার' মন্তব্য নিয়েও কটাক্ষ করে তিনি জানান, "এসব শুনে আমি শুধু হাসছি।"

এদিকে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন, দলের ভিতরে মতানৈক্য থাকতেই পারে, তবে তা দলীয়ভাবেই মিটিয়ে নেওয়া হবে। তাঁর কথায়, "রাজনৈতিক লড়াই বিজেপির বিরুদ্ধে। এই ধরনের মন্তব্যে বিজেপি কোনও সুযোগ পাবে না।"

তিনি আরও দাবি করেন, বর্তমান বিধায়ক কাজ করেছেন এবং গত ১৫ বছরে যথেষ্ট উন্নয়ন হয়েছে। "তৃণমূল একটি পরিবার, সেখানে মতভেদ থাকতেই পারে, তবে তা বিজেপির মতো ভাঙচুরে গড়ায় না,” বলেন দেবাংশু।

রচনা আরও জানান, পার্টি অফিস তিনি সংস্কার করেছেন এবং ভবিষ্যতেও তা তৃণমূলেরই থাকবে। পাশাপাশি ইঙ্গিত দেন, চূড়ান্ত সিদ্ধান্ত ও অবস্থান জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সব মিলিয়ে চুঁচুড়ায় নির্বাচনের আগে তৃণমূলের অন্দরের এই বাকযুদ্ধ রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা বাড়িয়েছে।