এলপিজির দাম বৃদ্ধি ও সঙ্কটের প্রতিবাদে অভিনব মিছিল, শহরে অটো সংকটও প্রকট
কলকাতা: এলপিজির দাম বৃদ্ধি ও জ্বালানি সঙ্কটকে কেন্দ্র করে শহরে বাড়ছে উদ্বেগ। তারই মধ্যে অটো পরিষেবাতেও চরম প্রভাব পড়েছে-বিভিন্ন অটো স্ট্যান্ডে গাড়ির অভাব, মধ্যরাত থেকেই যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।
এই পরিস্থিতিতে কেন্দ্রের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছে ইন্টাক সেবাদল। যুদ্ধ পরিস্থিতির পর সরকার আদৌ কোনও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছিল কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, "মানুষের পেট আগে, না ভোটের রাজনীতি-সরকারকে তা স্পষ্ট করতে হবে।"
এলপিজি সঙ্কট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব কর্মসূচির ডাক দিয়েছে ইন্টাক সেবাদল। কর্মসূচি অনুযায়ী, মহম্মদ আলি পার্ক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিজেপি কার্যালয় পর্যন্ত মাথায় খালি গ্যাস সিলিন্ডার নিয়ে পদযাত্রা করবেন প্রতিবাদকারীরা।
প্রতিবাদীদের অভিযোগ, ঘরে ঘরে খালি গ্যাস সিলিন্ডার পড়ে থাকলেও সরবরাহ স্বাভাবিক হচ্ছে না। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা চরম সমস্যার মুখে পড়েছে।
পুরো ঘটনাকে ঘিরে শহরে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে, পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তিও ক্রমশ বেড়ে চলেছে।