'একটা হারে দেশঁর ঐতিহ্য কলঙ্কিত হবে না’, কোচকে নিয়ে আবেগঘন বার্তা এমবাপের

Jul 20, 2026 - 13:15
 4
'একটা হারে দেশঁর ঐতিহ্য কলঙ্কিত হবে না’, কোচকে নিয়ে আবেগঘন বার্তা এমবাপের

দিদিয়ের দেশঁকে বিদায়ী উপহার দিতে চেয়েছিলেন ফ্রান্সের ফুটবলারেরা। ইংল্যান্ডের কাছে ৪-৬ গোলে হেরে যাওয়ায় লক্ষ্য পূরণ হয়নি কিলিয়ান এমবাপেদের। জিততে না পারার আক্ষেপ থাকলেও ফ্রান্স অধিনায়কের দাবি একটা হারে তাঁদের কোচের ঐতিহ্য কলঙ্কিত হবে না।ইংল্যান্ডের কাছে হারের পর এমবাপে বলেছেন, ‘‘আমরা ম্যাচটা জিততে পারলাম না। কোচের জন্য কিছু একটা করে দেখাতে চেয়েছিলাম। এটা আমাদের কোচের জন্য খুবই দুঃখের। আমরা কেউ চাইনি এমন কিছু হোক। তবে এই ফলের জন্য দেশঁর ঐতিহ্য কলঙ্কিত হবে না।’’ নিজেদের ব্যর্থতা নিয়ে তিনি বলেছেন, ‘‘ম্যাচের দু’টি অর্ধে দু’রকম খেলা হয়েছে। প্রথমার্ধের খেলা দেখে কেউ বলতেই পারেন, আমরা দেশের জার্সির মর্যাদা রাখতে পারিনি। আসলে আমরা মানুষ বলেই হয়তো এমন হয়েছে। নিজেরাও বিশ্বাস করতে পারছিলাম না। তবে ইংল্যান্ড আমাদের চাগিয়ে দিয়েছিল। বিরতির পর আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পেরেছি। অনেক বেশি আত্মবিশ্বাসী লাগছিল।" এমবাপে যে কোচকে স্মরণীয় বিদায় জানাতে চেয়েছিলেন, তা বোঝা গিয়েছিল খেলা শুরুর আগেই। ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে সমাজমাধ্যমে দেশঁর উদ্দেশে একটি আবেগঘন পোস্ট করেন। তাতে এমবাপে লেখেন, ‘‘আজ আপনার শেষ নাচ। আপনাকে আরও ভাল একটা সমাপ্তি উপহার দেওয়া উচিত ছিল আমাদের। কিন্তু আমরা পারিনি। ১৪ বছর ধরে আপনি যা করে দেখিয়েছেন, তা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। এই দলটাকে নতুন ভাবে গড়ে তোলার ক্ষেত্রে আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ হয়তো সব সময় আপনার মহত্ত্বের কদর করেনি। কিন্তু ইতিহাস সেই ব্যবস্থা করে দেবে।’’ এমবাপে আরও লেখেন, ‘‘এত বছর ধরে সবচেয়ে বড় মঞ্চে আমাকে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের দেশের অন্যতম সেরা কিংবদন্তির পাশে থাকতে পারাটা আমার সৌভাগ্য। আমরা একসঙ্গে যা কিছু করেছি, যা যা অর্জন করেছি সে সবের চমৎকার স্মৃতিগুলো মনে থেকে যাবে। আপনার নতুন যাত্রার জন্য শুভকামনা রইল। আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এই জার্সির জন্য আপনার অবদানের জন্য আবারও ধন্যবাদ।’’ ২০১২ থেকে ফ্রান্সের জাতীয় দলের দায়িত্বে রয়েছেন দেশঁ। তাঁর কোচিংয়ে ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। গত বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন। এ বার তাঁকে সন্তুষ্ট থাকতে হল চতুর্থ স্থান নিয়ে। ইউরো কাপে ফাইনালে তুলেছেন ২০১৬ সালে। ২০২৪ সালেও সেমিফাইনাল খেলেছে ফ্রান্স। ইতিমধ্যেই দেশঁকে ফ্রান্সের সর্বকালের সফলতম কোচ হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বকাপ শুরুর অনেক আগেই দেশঁ জানিয়ে দিয়েছিলেন আর জাতীয় দলের দায়িত্বে থাকবেন না।