উত্তর ২৪ পরগনার বসিরহাটে চিকিৎসা পরিষেবার দাবিতে বিক্ষোভ মিছিল, জেলা হাসপাতালে গণডেপুটেশন
উত্তর ২৪ পরগনার বসিরহাট: চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভ মিছিলে সামিল হলেন আদিবাসী ও তপশিলী সম্প্রদায়ের বহু মানুষ। অভিযোগ, বসিরহাট জেলা ও সুপার স্পেশালিটি হাসপাতালে সাধারণ রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। ডাক্তার ও নার্সদের কাছ থেকে সঠিক পরিষেবা না পাওয়ার প্রতিবাদেই গণডেপুটেশন দিতে রাস্তায় নামেন এলাকার মানুষ।
বৃহস্পতিবার বসিরহাট শহরের বোটঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে অংশ নেন আদিবাসী ও তপশিলী সম্প্রদায়ের বহু মানুষ। ধামসা-মাদলের তালে তালে ঐতিহ্যবাহী পোশাকে মিছিল শহরের বিভিন্ন রাস্তা ঘুরে বসিরহাট জেলা ও সুপার স্পেশালিটি হাসপাতালের দিকে এগিয়ে যায়। অনেকের হাতে তীর-ধনুক ও ত্রিশূল দেখা যায়, যা তাঁদের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হিসেবেই মিছিলে বহন করা হয়।
পরে মিছিলটি হাসপাতাল চত্বরে পৌঁছে হাসপাতালের সুপারের উদ্দেশ্যে গণডেপুটেশন দেয় বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, হাসপাতালে চিকিৎসা করাতে এসে বহু সাধারণ মানুষ নানা সমস্যার মুখে পড়ছেন। অনেক সময় ডাক্তারদের দেখা পাওয়া যায় না, আবার নার্সদের কাছ থেকেও সঠিক সহযোগিতা মেলে না বলে অভিযোগ তুলেছেন তাঁরা। ফলে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন আদিবাসী নেতা সুকুমার সরদার। তিনি বলেন, হাসপাতাল সাধারণ মানুষের জন্য হলেও বাস্তবে পরিষেবা পেতে গিয়ে মানুষকে নানা হয়রানির শিকার হতে হচ্ছে। দূর-দূরান্ত থেকে আদিবাসী ও তপশিলী সম্প্রদায়ের বহু মানুষ চিকিৎসার জন্য বসিরহাট জেলা হাসপাতালে আসেন, কিন্তু সেখানে সঠিক পরিষেবা না পেলে তাঁদের সমস্যায় পড়তে হয়।
তিনি আরও জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পরিষেবা ব্যবস্থার দ্রুত উন্নতির দাবি জানানো হয়েছে।
বিক্ষোভ ও গণডেপুটেশনকে ঘিরে কিছু সময়ের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।