"৬ হাজার হলে ১২, ১২ হাজার হলে ২৪"-নন্দীগ্রামে বড় প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী-র

Apr 16, 2026 - 12:43
 15
"৬ হাজার হলে ১২, ১২ হাজার হলে ২৪"-নন্দীগ্রামে বড় প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী-র

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-এ প্রচারে গিয়ে একাধিক মন্তব্য ও আর্থিক প্রতিশ্রুতি দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

বুধবার সন্ধ্যায় মহম্মদপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমানে বিভিন্ন ভাতা মিলিয়ে কেউ যদি ৬ হাজার টাকা পান, তবে বিজেপি সরকার গঠনের পর সেই অঙ্ক বেড়ে ১২ হাজার টাকা হবে। একইভাবে, যারা এখন ১২ হাজার টাকা পাচ্ছেন, তারা ভবিষ্যতে ২৪ হাজার টাকা পাবেন। তিনি আরও জানান, লক্ষ্মীর ভান্ডারে বর্তমানে ১৫০০ টাকা যারা পাচ্ছেন, তা বাড়িয়ে ৩০০০ টাকা করা হবে। বার্ধক্য ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা এবং যুবসাথী প্রকল্পে ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি তিনি বলেন, যুবকদের এই আর্থিক সহায়তা শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং যতদিন না কর্মসংস্থান হচ্ছে ততদিন দেওয়া হবে।

এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী ভোটের সমীকরণ নিয়েও মন্তব্য করেন। তিনি দাবি করেন, কিছু এলাকায় ধর্মীয় ভিত্তিতে ভোটের বিভাজন দেখা যাচ্ছে এবং সেই প্রসঙ্গে সনাতনী ঐক্যের আহ্বান জানান তিনি।