১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর জখম দুই শ্রমিক
১৯ নম্বর জাতীয় সড়ক ১৯-এর আবুই ঝাটি নাকা চেকিং পোস্ট সংলগ্ন এলাকায় ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হলেন কর্মরত দুই শ্রমিক। বর্তমানে তাঁরা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত দুই শ্রমিকের নাম দীলিপ রায় ও কালিপদ রায়। তাঁরা দুজনেই ঝাড়গ্রাম জেলার বাসিন্দা। এদিন তাঁরা জাতীয় সড়কের ওপর রং করার কাজ করছিলেন। সেই সময় আচমকাই একটি বেপরোয়া গতির প্রাইভেট কার তাঁদের সজোরে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন দুজনেই।
দুর্ঘটনার শব্দ শুনেই স্থানীয় বাসিন্দা ও কর্তব্যরত পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় দীলিপ ও কালিপদকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের মতে, দুজনেরই আঘাত অত্যন্ত গুরুতর এবং তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘাতক গাড়িটিকে আটক করার চেষ্টা চলছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়েছিল। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এই ঘটনায় জাতীয় সড়কে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।