হুগলির শ্রীরামপুরে বাইক মিছিল থেকে বিজেপি ও কেন্দ্রকে তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

Mar 16, 2026 - 12:55
 12
হুগলির শ্রীরামপুরে বাইক মিছিল থেকে বিজেপি ও কেন্দ্রকে তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

হুগলি জেলার শ্রীরামপুরে সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বাইক মিছিল অনুষ্ঠিত হয়। সেই কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তিনি দাবি করেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৫০-রও বেশি আসন জিতে আবারও সরকার গঠন করবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে ফের দায়িত্ব নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি ৩০ আসনের নীচে নেমে যাবে।

সভা থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে “জুমলাবাজ” বলে আক্রমণ করেন তিনি। ব্রিগেডের সভার পরদিনই নির্বাচন ঘোষণার সম্ভাবনা নিয়েও কটাক্ষ করে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যেভাবে “জুমলারাজ” চালাচ্ছে তাতে সবই পরিষ্কার। তাঁর অভিযোগ, নমিনেশন জমা দেওয়ার আগ পর্যন্ত এসআইআর-এর কাজ চলবে, এরপর কী হবে তা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টই দেখবে।

এছাড়াও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, গুজরাটে গুন্ডামির রাজনীতি করেই ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। এখন সারা দেশে তাদের সমর্থকদের দিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। শ্রীরামপুরের সাংসদ কটাক্ষ করে প্রধানমন্ত্রীকে “ওয়েস্ট প্রাইম মিনিস্টার” বলেও উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, সংসদে প্রধানমন্ত্রীর উপস্থিতি মাত্র ২ শতাংশ। গণতন্ত্রের গুরুত্বপূর্ণ মঞ্চ সংসদ হলেও সেখানে প্রধানমন্ত্রীকে খুব কমই দেখা যায় বলেও মন্তব্য করেন তিনি।