হুগলিতে নির্বাচন ও উৎসব ঘিরে হাই অ্যালার্ট, কড়া নিরাপত্তা প্রশাসনের

Mar 28, 2026 - 07:55
 8
হুগলিতে নির্বাচন ও উৎসব ঘিরে হাই অ্যালার্ট, কড়া নিরাপত্তা প্রশাসনের

হুগলি: আসন্ন বিধানসভা নির্বাচন এবং রামনবমী ও হনুমান জয়ন্তীকে সামনে রেখে হুগলি জেলাজুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

এই প্রসঙ্গে জেলাশাসক খুরশিদ আলি কাদরি, চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার যাদব এবং হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুমার সানি রাজ সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ২ এপ্রিল থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে।

নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে চন্দননগর কমিশনারেট এলাকায় ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রামনবমী উপলক্ষে অতিরিক্ত ২ কোম্পানি বাহিনী আনা হয়েছে। অন্যদিকে হুগলি গ্রামীণ এলাকায় ইতিমধ্যেই ১৬ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। প্রয়োজনে আরও বাহিনী বাড়ানো হবে বলে জানিয়েছে প্রশাসন।

প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, 'সুবিধা অ্যাপ' শুধুমাত্র নির্বাচনী অনুমতির জন্য ব্যবহৃত হবে। কোনও রাজনৈতিক সভা বা মিছিল করতে হলে অন্তত ৫ দিন আগে আবেদন করা বাধ্যতামূলক।

উৎসবকে কেন্দ্র করে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। রামনবমী ও হনুমান জয়ন্তীর শোভাযাত্রার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলা বাধ্যতামূলক, অনুমতি ছাড়া কোনও কর্মসূচি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

সাধারণ মানুষকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে প্রশাসন। গুজব এড়াতে এবং ভুয়ো খবর রুখতে সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়ানো হয়েছে।

ভোটার তালিকা প্রসঙ্গে জেলাশাসক জানান, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় যাদের নাম বাদ পড়েছিল, তাদের শুনানি সম্পন্ন হয়েছে। যাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় আসেনি, তাদের গুণ্যান সম্পন্ন হয়েছে। যাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় আসেনি, তারা ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। এই জন্য এসডিও স্তরে ও অনলাইনে হেল্পডেস্ক চালু করা হয়েছে।

পুলিশ কমিশনার জানান, জেলাজুড়ে লাগাতার নাকাবন্দি চলছে এবং অস্ত্র উদ্ধারের অভিযান জোরদার করা হয়েছে। কোনওভাবেই অশান্তি বা হিংসা ছড়াতে দেওয়া হবে না।

হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকেও কড়া বার্তা-সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা বরদাস্ত করা হবে না। নির্বাচন চলাকালীন যেকোনও ধরনের হিংসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।