হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও অধরা নিয়োগ, প্রমোশনাল সুপারভাইজারদের বিকাশ ভবন অভিযান

Feb 25, 2026 - 20:18
 13
হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও অধরা নিয়োগ, প্রমোশনাল সুপারভাইজারদের বিকাশ ভবন অভিযান

চাকরির দাবিতে সল্টলেকের বিকাশ ভবন ও শৈশালী ভবন অভিযানে সামিল হলেন প্রমোশনাল সুপারভাইজার ২০১৯ পরীক্ষায় উত্তীর্ণ অঙ্গনওয়াড়ি কর্মীরা। মঙ্গলবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখান তাঁরা।

আন্দোলনকারীদের দাবি, মহামান্য কলকাতা হাইকোর্ট-এর নির্দেশ অনুযায়ী প্রমোশনাল সুপারভাইজার পদে ৫০ শতাংশ শূন্যপদে দ্রুত নিয়োগ করতে হবে। ২০২৫ সালের ২৪ জানুয়ারির রায়ে মোট ১৭১৩টি শূন্যপদ নির্ধারণ করা হলেও এখনও পর্যন্ত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১৫২ জন প্রমোশনাল প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ।

প্রার্থীদের বক্তব্য, দীর্ঘদিন অপেক্ষার ফলে অনেকেরই বয়স ৫০ বছরের বেশি হয়ে গিয়েছে। পর্যাপ্ত শূন্যপদ থাকা এবং যোগ্যতা অর্জন করার পরেও যদি নিয়োগ না হয়, তবে তাঁরা চূড়ান্তভাবে বঞ্চিত হবেন।

বিক্ষোভকারীরা দ্রুত নিয়োগের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। তাঁদের হুঁশিয়ারি, দাবি না মানা হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।