শিলিগুড়ির বিধান মার্কেটে চরম দুর্ভোগ, মালিকানা জটিলতা, জল জমা ও যানজটে নাজেহাল ব্যবসায়ীরা
শিলিগুড়ির বিধান মার্কেটে চরম দুর্ভোগ, মালিকানা জটিলতা, জল জমা ও যানজটে নাজেহাল ব্যবসায়ীরা
শিলিগুড়ি: দোকানের মালিকানা জটিলতা, পার্কিংয়ের অভাব এবং দীর্ঘদিনের যানজট সমস্যায় কার্যত নাকাল শিলিগুড়ির বিধান মার্কেটের ব্যবসায়ীরা। বছরের পর বছর ধরে এই সমস্যাগুলির সমাধানের দাবিতে আন্দোলন, ধর্না ও প্রশাসনের দ্বারস্থ হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ তাঁদের।
ব্যবসায়ীদের দাবি, শুধু মালিকানার অনিশ্চয়তাই নয়, বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয়। সামান্য বৃষ্টিতেই বাজার চত্বরে জল জমে যায়, যা ক্রমে দোকানের ভিতরে ঢুকে পড়ে। বিধান মার্কেটের ব্যবসায়ী মিঠু বোস জানান, “একটু বৃষ্টি হলেই হাঁটু পর্যন্ত জল জমে যায়। দোকানের ভিতরে জল ঢুকে মালপত্র নষ্ট হয়ে যায়। এতে আমাদের ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।”
অন্যদিকে ব্যবসায়ী তপন সরকার, গৌতম প্রামাণিক এবং রতন সাহারা জানান, বাজার এলাকায় পর্যাপ্ত পার্কিং ব্যবস্থার অভাবে প্রতিদিনই তীব্র যানজট তৈরি হচ্ছে। এর ফলে ক্রেতাদের আসা-যাওয়া ব্যাহত হচ্ছে এবং সরাসরি প্রভাব পড়ছে ব্যবসার ওপর। তাঁদের মতে, পরিকল্পিত পার্কিং ব্যবস্থা না থাকায় সমস্যা দিন দিন আরও বাড়ছে।
ব্যবসায়ীরা আগামী বিধায়কের কাছে একাধিক দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে—দোকানের পাট্টা বা মালিকানার স্বীকৃতি প্রদান, স্থায়ী পার্কিং ব্যবস্থার গঠন এবং উন্নত নিকাশি ব্যবস্থার মাধ্যমে জল জমার সমস্যা দূরীকরণ।
এ প্রসঙ্গে ব্যবসায়ী সমিতির সদস্য অসিত দে বলেন, “বহুবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা চাই, যে দলই আগামী নির্বাচনে জয়ী হোক না কেন, তারা যেন বিধান মার্কেটের সার্বিক উন্নয়নে অগ্রাধিকার দেয়।”
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন করে আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিনের সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধানই এখন তাঁদের একমাত্র দাবি।