রায়গঞ্জে বাড়ির সামনে যুবতীর গলা থেকে সোনার মালা ছিনতাই, মোটরবাইকে চম্পট দুই দুষ্কৃতীর

Feb 27, 2026 - 08:26
 12
রায়গঞ্জে বাড়ির সামনে যুবতীর গলা থেকে সোনার মালা ছিনতাই, মোটরবাইকে চম্পট দুই দুষ্কৃতীর

বাড়ির পাশে প্রতিবেশীর সঙ্গে কথা বলার সময় এক যুবতীর গলা থেকে সোনার মালা ছিনতাই করে পালাল দুই দুষ্কৃতী। মঙ্গলবার রাত প্রায় ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পুর এলাকার ২২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বীরনগর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাজার করে বাড়ি ফেরার পর বাড়ির পাশেই এক প্রতিবেশী মহিলার সঙ্গে কথা বলছিলেন ওই যুবতী। সেই সময় মোটরবাইকে করে দুই দুষ্কৃতী এসে পিছন দিক থেকে তাঁর গলায় থাকা সোনার মালা ছিনতাই করে দ্রুত চম্পট দেয় বলে অভিযোগ।

ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানা-র পুলিশ। পুলিশ স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।