রমজানে ফলের বাজারে কালোবাজারির অভিযোগ, দামে লাগাম টানতে মাঠে প্রশাসন

Feb 25, 2026 - 14:53
 12
রমজানে ফলের বাজারে কালোবাজারির অভিযোগ, দামে লাগাম টানতে মাঠে প্রশাসন

পবিত্র রমজান মাস শুরু হতেই ফলের দামে অস্বাভাবিক বৃদ্ধির অভিযোগ উঠেছে বিভিন্ন বাজারে। গত ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার পর থেকেই একাধিক জায়গায় বেশি দামে ফল বিক্রির খবর সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। বাড়তি দাম নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে—সাফ বার্তা দিয়েছে পুলিশ-প্রশাসন।

ফলের মূল্যবৃদ্ধি রুখতে বাজারে বাজারে পরিদর্শনে নামে ডোমকল মহাকুমা পুলিশ ও প্রশাসনের কর্তারা। ডোমকল শহরের পাশাপাশি জলঙ্গির সাগরপাড়া, রানীনগর এবং ইসলামপুর এলাকার বিভিন্ন বাজার ঘুরে ফল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

পরিদর্শনের সময় স্পষ্ট নির্দেশ দেওয়া হয়—রমজান মাসে কোনওভাবেই ফলের বাড়তি দাম নেওয়া যাবে না। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বার্থে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত নজরদারি চালানো হবে। কোথাও অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

প্রশাসনের দাবি, রমজান মাসে যাতে সাধারণ মানুষ ন্যায্য দামে ফল কিনতে পারেন, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। বাজারে পুলিশের কড়া নজরদারিতে স্বস্তির হাওয়া বইছে ক্রেতাদের মধ্যে।