মিনাখায় ভোটার তালিকা বিতর্কে উত্তেজনা, ৩৯৫ নাম বাদে বিক্ষোভ ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখা বিধানসভায় ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্য ছড়াল। ধুতুরদাঁও গ্রাম পঞ্চায়েতের শঙ্করদহ গ্রামের ২৪২ ও ২৪৩ নম্বর বুথে মোট ৩৯৫ জনের নাম 'বিচারাধীন' তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরও তাঁদের নাম প্রথমে বিচারাধীন রাখা হয় এবং পরবর্তীতে তালিকা থেকেই মুছে দেওয়া হয়। ফলে এক লহমায় বহু মানুষ ভোটাধিকার হারানোর আশঙ্কায় পড়েছেন।
এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। ১৪৪৮ নম্বর রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়, যার জেরে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, স্বাধীনতার পর থেকেই তাঁদের পরিবার এই এলাকায় বসবাস করছে এবং একাধিক নির্বাচনে ভোট দিয়েছেন। তবুও হঠাৎ করে নাম বাদ পড়ায় তাঁরা হতবাক।
গ্রামবাসী হাবিবুর খান ও আলি আহমেদ খানের দাবি, "আমরা বহু বছর ধরে এখানে বসবাস করছি। সব নথি জমা দেওয়ার পরও কেন নাম বাদ গেল, তার জবাব চাই।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও নাম পুনর্বহালের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।