মহিলার ব্যাগ ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ধরা ৩, রেলগেট এলাকা থেকে উদ্ধার ১০ মোবাইল ও সোনার চেন

চাকদহে পুলিশের দ্রুত সাফল্য, মোটরবাইক চেপে পালানো দুষ্কৃতীরা গ্রেফতার

Feb 20, 2026 - 10:21
 20
মহিলার ব্যাগ ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ধরা ৩, রেলগেট এলাকা থেকে উদ্ধার ১০ মোবাইল ও সোনার চেন

নিজস্ব সংবাদদাতা, চাকদহ:

ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করল চাকদহ থানার পুলিশ। মঙ্গলবার রাতে পায়রাডাঙ্গার ৫২ নম্বর রেলগেট এলাকা থেকে তাদের পাকড়াও করা হয়। ধৃতদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, একটি সোনার চেন, একটি ব্যাগ এবং একটি এটিএম কার্ড উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ জানায়, গত সোমবার চাকদহ শহরের সিংহের হাট সংলগ্ন পূর্বপাড়া এলাকার রাস্তায় এক মহিলার ব্যাগ ছিনতাই করে মোটরসাইকেলে চেপে পালিয়ে যায় দুই যুবক। অভিযোগ, ওই ব্যাগে সোনার চেন, মোবাইল ফোন এবং নগদ টাকা ছিল।

ঘটনার পর অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং গোপন সূত্রের ভিত্তিতে প্রথমে দুই যুবককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে উঠে আসে তৃতীয় এক যুবকের নাম। পরে তাকেও গ্রেফতার করা হয়। অভিযুক্তদের কাছ থেকেই উদ্ধার হয় একাধিক মোবাইল ও অন্যান্য সামগ্রী।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রীগুলির মালিকানা যাচাই করা হচ্ছে এবং বাকি জিনিসপত্র উদ্ধারের চেষ্টাও চলছে। ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।