ব্যারাকপুরে সিপিআইএমে ভাঙনের ইঙ্গিত, দল ছাড়ার ঘোষণা অরূপ ভট্টাচার্যের
উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে সিপিআইএমে ভাঙনের সুর আরও স্পষ্ট হল। সিপিআইএমের দীর্ঘদিনের নেতা অরূপ ভট্টাচার্য দল ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তিনি প্রাক্তন সাংসদ তড়িৎ বরন তোপদার-এর ঘনিষ্ঠ বলেই পরিচিত।
অরূপ ভট্টাচার্য জানান, দলের একাধিক অনিয়ম, শৃঙ্খলার অভাব এবং সংগঠনের কার্যপদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরেই তাঁর অসন্তোষ ছিল। সেই কারণেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই মুহূর্তে অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেননি বলেও স্পষ্ট করেন তিনি।
সম্প্রতি প্রতীক ঊর রহমানের দলত্যাগের সিদ্ধান্তকেও সমর্থন জানিয়ে অরূপ বলেন, আগামী দিনে দল থেকে আরও অনেকে বেরিয়ে আসতে পারেন। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতিতে দল সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ছে এবং ভবিষ্যতে আরও সঙ্কটের মুখে পড়তে পারে।
রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের দলত্যাগ সিপিআইএমের জন্য অস্বস্তির কারণ হতে পারে। যদিও এ বিষয়ে দলের জেলা বা রাজ্য নেতৃত্বের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।