বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে পৌরসভায় তালা, বিক্ষোভে সামিল প্রায় ৯০ সাফাই কর্মী

May 23, 2026 - 08:44
 15
বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে পৌরসভায় তালা, বিক্ষোভে সামিল প্রায় ৯০ সাফাই কর্মী

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের রামজীবনপুর পৌরসভায় বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনে নামলেন প্রায় ৯০ জন অস্থায়ী সাফাই কর্মী। দীর্ঘদিন ধরেই তাঁদের দাবি ছিল ন্যূনতম বেতন বৃদ্ধি এবং স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে। কিন্তু সেই দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার চরম আকার নেয় কর্মীদের ক্ষোভ।

সকাল থেকেই ক্ষুব্ধ সাফাই কর্মীরা একত্রিত হয়ে রামজীবনপুর পৌরসভার প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন। গেটের সামনেই ধরণায় বসে শুরু হয় বিক্ষোভও স্লোগান।

সাফাই কর্মীদের এই আন্দোলনের জেরে কার্যত স্তব্ধ হয়ে পড়ে পুরসভার স্বাভাবিক কাজকর্ম। মূল গেটে তালা পড়ে যাওয়ায় পুরসভার অন্যান্য স্থায়ী ও অস্থায়ী কর্মী, বিভিন্ন দফতরের আধিকারিক ও কর্মচারীরা দীর্ঘক্ষণ ভেতরে প্রবেশ করতে পারেননি। ফলে পুরসভায় বিভিন্ন পরিষেবার জন্য আসা সাধারণ মানুষকেও চরম ভোগান্তির শিকার হতে হয়।

ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার অন্তর্গত রামজীবনপুর ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। পুলিশ প্রথমে আন্দোলনকারী কর্মীদের শান্ত করার চেষ্টা করে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা ও সমঝোতার উদ্যোগ নেওয়া হয়।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুরবোর্ডের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর আন্দোলনকারী কর্মীরা গেটের তালা খুলে দেন এবং আটকে থাকা আধিকারিক ও কর্মচারীরা পুরসভায় প্রবেশ করতে সক্ষম হন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।