বিনপুরের হাসপাতালগুলির হাল ফেরাতে মাঠে বিধায়ক প্রণত টুডু, পরিকাঠামো খতিয়ে দেখে উন্নয়নের আশ্বাস

May 23, 2026 - 08:34
 5
বিনপুরের হাসপাতালগুলির হাল ফেরাতে মাঠে বিধায়ক প্রণত টুডু, পরিকাঠামো খতিয়ে দেখে উন্নয়নের আশ্বাস

জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভ ছিল সাধারণ মানুষের মধ্যে। হাসপাতালের পরিকাঠামোর অভাব, চিকিৎসক সংকট এবং পর্যাপ্ত পরিষেবা না মেলায় চরম সমস্যায় পড়তে হতো রোগীদের। সেই পরিস্থিতির পরিবর্তন ঘটাতেই এবার সরেজমিনে হাসপাতাল পরিদর্শনে নামলেন বিনপুরের নবনির্বাচিত বিধায়ক ডা. প্রণত টুডু।

এদিন বিনপুর বিধানসভা এলাকার একাধিক সরকারি হাসপাতাল আচমকা পরিদর্শন করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিনপুর ২ ব্লকের বিডিও মৃন্ময় পাল এবং যুগ্ম বিডিও সেক সাজিদুর রহমান। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সঙ্গে কথা বলেন বিধায়ক।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিনপুর এলাকার হাসপাতালগুলিতে পর্যাপ্ত চিকিৎসক, ওষুধ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে। ফলে সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী এলাকায় ছুটতে হচ্ছে। নির্বাচনী প্রচারের সময় থেকেই এলাকার স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনের আশ্বাস দিয়েছিলেন প্রণত টুডু। দায়িত্ব গ্রহণের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে তৎপরতা শুরু করেছেন তিনি।

পরিদর্শনের সময় রোগীরাও সরাসরি তাঁদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগ বিধায়কের সামনে তুলে ধরেন। হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসক সংকট, পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে পরিষেবার নানা খামতির কথা উঠে আসে আলোচনায়।

পরিদর্শন শেষে বিধায়ক প্রণত টুডু জানান, হাসপাতালগুলির বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন ঘাটতি খতিয়ে দেখা হয়েছে। দ্রুত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষ যাতে উন্নত চিকিৎসা পরিষেবা পান, সেই বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শিলদা গ্রামীণ হাসপাতালের চিকিৎসক বেবী বাস্কে বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার কথা জানানো হলেও সেভাবে কোনও সমাধান হয়নি। নতুন সরকারের আমলে সমস্যার সমাধান হবে এবং মানুষ আরও ভালো স্বাস্থ্য পরিষেবা পাবেন বলেই তিনি আশাবাদী।

অন্যদিকে বিনপুর ২ ব্লকের বিএমওএইচ অমরেন্দ্র রায়ও হাসপাতালের একাধিক পরিকাঠামোগত সমস্যার কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন