কারখানার ভাটি ব্লাস্টে গুরুতর জখম চার শ্রমিক, আশঙ্কাজনক দুই
গোপালপুরের একটি বেসরকারি ইস্পাত কারখানায় ভাটি ব্লাস্টের ঘটনায় গুরুতর জখম হলেন চার শ্রমিক। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। শুক্রবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
জানা গিয়েছে, প্রতিদিনের মতোই শুক্রবার সকালে কারখানায় কাজ চলছিল। সেই সময় আচমকাই বিকট শব্দে ব্লাস্ট করে কারখানার ভাটি। মুহূর্তের মধ্যে আগুনের তাপ ও গলিত পদার্থ ছিটকে পড়ায় ঝলসে যান চার শ্রমিক। ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। সহকর্মীরাই দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত শ্রমিকদের মধ্যে পরিমল বিশ্বাস ও নিরঞ্জন বাগদীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুই শ্রমিকও গুরুতরভাবে জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমান শ্রমিকদের পরিবার-পরিজন ও সহকর্মীরা। কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কারখানায় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই। নিয়ম মেনে অনেক সময় নিরাপত্তা সরঞ্জামও দেওয়া হয় না। পাশাপাশি বহু শ্রমিক ইএসআই ও পিএফ সুবিধা থেকেও বঞ্চিত বলেও অভিযোগ ওঠে।
দুর্ঘটনার পর ক্ষতিপূরণ ও উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ দেখান শ্রমিকরা। ঘটনায় সরব হয় বিজেপিও। কাঁকসা ৪ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি শুভাশিস মুখোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে বলেন, "বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে। অথচ কারখানায় সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেই। আহত শ্রমিকদের অনেক সময় ঠিকভাবে চিকিৎসার ব্যবস্থাও করা হয় না। কারও ইএসআই নেই, কারও পিএফ নেই। দুর্ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ দায় এড়িয়ে যেতে চাইছে। শ্রমিকদের কোনও ক্ষতি হলে তার সম্পূর্ণ দায় কারখানা কর্তৃপক্ষকেই নিতে হবে।"
ঘটনার পর কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।