মহানন্দা নদীর চরে যুবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য শিলিগুড়িতে
শিলিগুড়ির মহানন্দা নদীর চরে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শহরের ৩১ নম্বর ওয়ার্ডের নৌকাঘাট এলাকায়।
স্থানীয় বাসিন্দা গোবিন্দ দাস সকালে নদীর চরে হাঁটতে গিয়ে জঙ্গলের মধ্যে একটি দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনাটি চোখে পড়তেই তিনি দ্রুত পুলিশে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ এলাকাবাসীদের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে।
পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মৃত যুবকের পরিচয় জানার পাশাপাশি কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।