বীরভূমের ময়ূরেশ্বরের বেলিয়ায় ডাইনি সন্দেহে মহিলাকে পিটিয়ে খুন, আটক প্রায় ২৫ জন

Mar 15, 2026 - 07:44
 9
বীরভূমের ময়ূরেশ্বরের বেলিয়ায় ডাইনি সন্দেহে মহিলাকে পিটিয়ে খুন, আটক প্রায় ২৫ জন

বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার বেলিয়া আদিবাসী পাড়ায় ডাইনি সন্দেহে এক মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর গ্রাম প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মৃত মহিলার নাম চুর্কি হেমরম। অভিযোগ, গ্রামেরই কয়েকজন ব্যক্তি তাকে ডাইনি সন্দেহে মারধর করে। অভিযুক্ত শিবলাল কিস্কুর দাবি, “চুর্কি হেমরম নামে ওই মহিলা ফোকশ বা ডাইনি। সে আমার ছেলের বৌকে খেয়েছে।” এই অভিযোগকে কেন্দ্র করেই উত্তেজনা তৈরি হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গ্রামে হোলি উৎসব চলছিল। সেই সময় চুর্কি হেমরম শিবলাল হেমরমের বাড়িতে যান। অভিযোগ, সেখানে শিবলাল সহ চার-পাঁচজন এবং তার পরিবারের লোকজন ওই মহিলার উপর চড়াও হয়। এরপর তাকে ব্যাপক মারধর করা হয়। মারধরের জেরে ঘটনাস্থলেই চুর্কি হেমরমের মৃত্যু হয় বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে ময়ূরেশ্বর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই গ্রামের প্রায় ২০ থেকে ২৫ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।