বাগনানে শিশু চুরির চেষ্টার অভিযোগে চাঞ্চল্য, গণপিটুনির হাত থেকে মহিলাকে উদ্ধার পুলিশের

Feb 25, 2026 - 20:16
 14
বাগনানে শিশু চুরির চেষ্টার অভিযোগে চাঞ্চল্য, গণপিটুনির হাত থেকে মহিলাকে উদ্ধার পুলিশের

বুধবার দুপুরে হাওড়ার বাগনানে শিশু চুরির চেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। খাদিনান ব্রিজ সংলগ্ন এলাকায় এক মহিলাকে ঘিরে বিক্ষুব্ধ জনতার ক্ষোভ তৈরি হলে পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর প্রায় দু’টো নাগাদ এক মাঝবয়সি মহিলা একটি নাবালিকাকে লজেন্সের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। নাবালিকা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে মহিলাকে ধরে ফেলে। পরে তাঁকে বেঁধে রাখা হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানা-র পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ওই মহিলা মানসিক ভারসাম্যহীন কিনা, নাকি সত্যিই শিশু অপহরণের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।