বকখালিতে উদ্ধার রহস্যময় জেট ড্রোন! সমুদ্র সৈকতে জৌলুসপূর্ণ যন্ত্র ঘিরে তৈরি হলো আতঙ্ক*

Mar 18, 2026 - 21:01
 13
বকখালিতে উদ্ধার রহস্যময় জেট ড্রোন! সমুদ্র সৈকতে জৌলুসপূর্ণ যন্ত্র ঘিরে তৈরি হলো আতঙ্ক*

অমিত মণ্ডল, বকখালি: পর্যটন কেন্দ্র বকখালিতে এবার আকাশছোঁয়া রহস্য! বুধবার দুপুরে বকখালি থেকে ঢিল ছোড়া দূরত্বে পশ্চিম অমরাবতী গ্রামের কারগিল সি-বিচে উদ্ধার হলো একটি বিশাল আকৃতির জেট ড্রোন। দেখতে হুবহু ছোট ফাইটার জেটের মতো এই যন্ত্রটিকে ঘিরে বুধবার চাঞ্চল্য ছড়াল এলাকায়। হলুদ ও লাল রঙের এই চালকবিহীন আকাশযানটি কোথা থেকে এল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

বুধবার দুপুরে পশ্চিম অমরাবতী গ্রামের মৎস্যজীবীরা যখন মাছ ধরতে যাচ্ছিলেন, তখন সৈকতে বালির ওপর পড়ে থাকতে দেখেন অদ্ভুত এই যানটি। কাছে গিয়ে দেখা যায়, এর ভেতরে রয়েছে অসংখ্য তার ও জটিল যন্ত্রাংশ। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই কারগিল বিচে ভিড় জমান স্থানীয় মানুষজন। এর আগে বকখালির উপকূলে এধরণের কোনো বস্তু দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রশাসন সূত্রে খবর, উদ্ধার হওয়া এই যন্ত্রটি আসলে একটি উচ্চ গতির চালকবিহীন আকাশযান , যা মূলত ভারতীয় নৌবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী আকাশপথে লক্ষ্যভেদের মহড়া বা প্রশিক্ষণের জন্য ব্যবহার করে। একে ‘টার্গেট ড্রোন’ বলা হয়। প্রশিক্ষণের সময় শত্রু বিমানের গতিবিধি নকল করতে এটি ব্যবহার করা হয়। সম্ভবত বঙ্গোপসাগরে কোনো সামরিক মহড়া চলাকালীন নিয়ন্ত্রণ হারিয়ে এটি বকখালির উপকূলে ভেসে এসেছে।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অত্যন্ত সাবধানে ড্রোনটিকে উদ্ধার করে। তবে এই রহস্যময় ড্রোনের দেখা মেলার পরেই স্থানীয়রা কিছুটা আতঙ্কে রয়েছেন। কারণ কয়েক মাস আগে সন্ধ্যা হতেই আকাশপথে লাল নীল বাতির ড্রোনের আতঙ্ক ছড়িয়েছিল নামখানা কাকদ্বীপের মত এলাকায়। এবার কার্গিল বিচে এইরকম জেট ড্রোন উদ্ধার হওয়ায় কিছুটা আতঙ্কিত হয়েছেন স্থানীয় মানুষজন।