প্রার্থী পছন্দ হয়নি, শ্রীরামপুরে কংগ্রেস অফিসে ভাঙচুর-দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ
শ্রীরামপুর: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী নির্বাচন ঘিরে তীব্র অসন্তোষ ছড়াল শ্রীরামপুরে। প্রার্থী ঘোষণায় অসন্তুষ্ট কংগ্রেস কর্মী-সমর্থকেরা জেলা পার্টি অফিসে ভাঙচুর চালান বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে দলীয় অন্দরে চাপানউতোর তুঙ্গে।
কংগ্রেস কর্মীদের অভিযোগ, জেলা সভাপতি রাজ্য নেতৃত্বকে ভুল বোঝিয়ে অধিকাংশ কেন্দ্রে অযোগ্য প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন। অথচ শ্রীরামপুর, যা একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, সেই কেন্দ্রে এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়নি। এই বিষয়টিকে কর্মীরা অপমানজনক বলে দাবি করেছেন।
এদিন জেলা অফিসের বাইরে জড়ো হয়ে কংগ্রেস কর্মীরা যুব নেতা সত্যম সিংকে শ্রীরামপুর কেন্দ্রে প্রার্থী করার জোরালো দাবি তোলেন। এরপর তারা প্রতিবাদ মিছিলও করেন।
যুব কংগ্রেস নেতা সত্যম সিং বলেন, "অনেক লড়াই-সংগ্রাম করে আমরা কংগ্রেস করি। আমাদের কাছে এই দল একটা আবেগ। কিন্তু দলের একাংশ সেই আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে। তারই প্রতিবাদে কর্মীরা পথে নেমেছে।”
যদিও এই বিষয়ে জেলা কংগ্রেস সভাপতি সুব্রত মুখোপাধ্যায় কোনও মন্তব্য করতে চাননি।
অন্যদিকে, চাঁপদানী কেন্দ্রেও কংগ্রেস প্রার্থী নির্বাচন নিয়ে ক্ষোভের সুর শোনা যাচ্ছে। নির্বাচনের আগে এই অসন্তোষ দলীয় সংগঠনে কী প্রভাব ফেলবে, তা নিয়েই এখন জল্পনা রাজনৈতিক মহলে