পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ‘বয়কট বিজেপি’ পোস্টার লাগাল তৃণমূল, উপস্থিত বিধায়িকা শিউলি সাহা

Mar 13, 2026 - 08:53
 10
পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ‘বয়কট বিজেপি’ পোস্টার লাগাল তৃণমূল, উপস্থিত বিধায়িকা শিউলি সাহা

পশ্চিম মেদিনীপুরের কেশপুর: বাংলা বিদ্বেষী ও বাংলা ভাষা বিরোধী অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে সরব হল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের বিভিন্ন এলাকায় দলের পক্ষ থেকে ‘বয়কট বিজেপি’ লেখা পোস্টার সাঁটানোর কর্মসূচি নেওয়া হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন কেশপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উত্তমানন্দ ত্রিপাঠি, খাদ্য কর্মাধ্যক্ষ স্বপ্ন খান, আইএনটিটিইউসির সভাপতি মলয় ঘোষ সহ কেশপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

এদিন কেশপুরের বিভিন্ন এলাকায় পোস্টার সাঁটানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিউলি সাহা কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার মানুষের উন্নয়নের কাজ করার বদলে শুধু মানুষকে লাইনে দাঁড় করাতে শিখিয়েছে।

তাঁর বক্তব্য, নোটবন্দির সময় মানুষকে লাইনে দাঁড় করানো হয়েছিল, করোনার সময় থালা বাজাতে বলা হয়েছিল, আবার বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রেও মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছে। কিন্তু দেশের মানুষের উন্নয়নের জন্য কার্যত কোনও উল্লেখযোগ্য কাজ করেনি বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার।

শিউলি সাহার অভিযোগ, বিজেপি নারী বিদ্বেষী, বাংলা বিদ্বেষী এবং বাংলা ভাষা বিরোধী রাজনীতি করছে। সেই কারণেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ‘বয়কট বিজেপি’ পোস্টার লাগানোর কর্মসূচি শুরু হয়েছে বলে জানান তিনি।

পাশাপাশি তিনি সাধারণ মানুষের কাছে বিজেপিকে বয়কট করার আহ্বান জানান। একই সঙ্গে রাজ্যে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে বজায় রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সরকারের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করার জন্য তৃণমূল কংগ্রেসের পাশে থাকার আহ্বান জানান তিনি।