নোয়াপাড়ায় পুজো দিয়ে প্রচার শুরু, তৃণমূলকে কড়া আক্রমণে অর্জুন সিং
২০২৬ বিধানসভা নির্বাচনের টিকিট পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় নীলগঞ্জের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। প্রচারের শুরু থেকেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক সুর শোনা গেল তাঁর গলায়।
অর্জুন সিং দাবি করেন, এতদিন ভুয়ো ভোটের জোরে নোয়াপাড়ায় জিতেছে তৃণমূল। এবারে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে, তার ফল ভুগতে হবে শাসক দলকে। তিনি আত্মবিশ্বাসী সুরে বলেন, “এবার মানুষ প্রকৃত রায় দেবে।”
এদিন তিনি আরও জানান, তিনি এবং তাঁর পুত্র—ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং—দুজনেই জয়ী হয়ে বিধানসভায় যাবেন। উল্লেখ্য, পবন সিং ভাটপাড়ার বিদায়ী বিধায়কও। শুধু নোয়াপাড়া বা ভাটপাড়া নয়, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত বিধানসভা আসনেই জয়ের লক্ষ্য নিয়ে বিজেপি ঝাঁপিয়েছে বলেও জানান তিনি।
তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুরের নাম উল্লেখ না করেই কটাক্ষ করেন অর্জুন সিং। পাশাপাশি পার্থ ভৌমিককে ‘কারচুপি করে জেতা সাংসদ’ বলেও আক্রমণ করেন তিনি। যদিও সিপিআই(এম) প্রার্থী গার্গী চ্যাটার্জি সম্পর্কে তুলনামূলকভাবে সৌজন্যমূলক মন্তব্য করতে শোনা যায় তাঁকে।
নিজের জয় নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী অর্জুন সিং জানান, রাজ্যে এবারে ভারতীয় জনতা পার্টিই ক্ষমতায় আসবে। তাঁর বক্তব্যে স্পষ্ট, প্রথম দিন থেকেই আক্রমণাত্মক প্রচারেই জোর দিচ্ছে বিজেপি।