নানুরে বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, জোরদার নিরাপত্তা
নিজস্ব সংবাদদাতা, বীরভূম: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূমের নানুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।
সেই প্রেক্ষিতে নানুরের পাপুড়ি, বন্দরখালা-সহ একাধিক গ্রামে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ অনুষ্ঠিত হল।
প্রশাসন সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া এবং ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রুট মার্চ চলাকালীন গ্রামগুলির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন জওয়ানরা।
এই কর্মসূচিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি উপস্থিত ছিলেন নানুর থানার আইসি নিতু সিং এবং থানার অন্যান্য পুলিশ কর্মীরা। তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ভোটকে কেন্দ্র করে কোনওরকম
ভয় বা গুজবে কান না দেওয়ার বার্তা দেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত
করতে আগামী দিনেও এই ধরনের রুট মার্চ চলবে। অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এলাকায় সাধারণ মানুষের
মধ্যে আস্থার পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।